রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪১৯ জনকে গ্রেফতার করেছে। এ সময় বিভিন্ন অপরাধে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়া, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।