শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় বিনা টিকিটের যাত্রী ধরায় হামলা, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করার ঘটনায় হামলা, আহত হয়েছেন স্টেশন মাস্টার ও টিকিট কালেকটর।

ব্রাহ্মণবাড়িয়ায় বিনা টিকিটের যাত্রী ধরায় হামলা, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করার ঘটনায় হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কালেকটর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্টেশনের কর্মচারীরা জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে আসা এক যাত্রীর কাছে টিকিট না থাকায় তাকে গেটে দাঁড় করান টিকিট কালেকটর সঞ্জিত মন্ডল। এ নিয়ে ওই যাত্রীর সঙ্গে বচসা শুরু হয়। পরে টিকিট কালেকটর তাকে স্টেশনের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

সেসময় বিনা টিকিটের যাত্রীর ফোন পেয়ে আরও ১০-১২ জন সেখানে জড়ো হন। ওই যাত্রী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেন। ফাঁড়ি ইনচার্জ এসআই শাহআলম মিয়া তখন বিষয়টি মিটমাট করে দেন এবং বিনা টিকিটের যাত্রীকে ছেড়ে দেন।

ঘটনার পর দুপুর ১২টার দিকে ওই যাত্রী আবার ৮-১০ জনকে নিয়ে এসে হামলা চালিয়ে টিকিট কালেকটর সঞ্জিত মন্ডলকে মারধর করেন। স্টেশন মাস্টারের কক্ষে সঞ্জিতকে মারধর করতে দেখে স্টেশন মাস্টার সাকিল জাহান তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।

ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকিল জাহান জানান, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করা হয়েছে। তিনি বলেন, 'এমন হলে টিকিট কালেকটররা কাজ করবে কীভাবে? আতঙ্ক তো আছেই। এ বিষয়ে থানায় অভিযোগ দিচ্ছি।'

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মো. শাহআলম মিয়া জানান, সকাল থেকে ঘটনা মিটমাট করা হলেও দুপুরে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ প্রাপ্তির পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন