সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে একটি বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় চারজন প্রাণে বেঁচে গেলেও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিকরা হলেন ইনাতনগর গ্রামের মোবাশ্বির (২৫) ও মারুফ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটিতে ৭৫০ ফুট বালু বোঝাই ছিল। নৌকাটি সাচনা বাজারের অদূরে নোঙর করে রাতযাপন করছিল। নৌকায় ছয় শ্রমিক অবস্থান করছিলেন, যাদের মধ্যে দুজন বিশ্রামকক্ষে ঘুমাচ্ছিলেন।
রাতের অন্ধকারে নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে এবং নৌকার নোঙরের রশি ছিঁড়ে গেলে এটি নদীর গভীর তলদেশে তলিয়ে যায়। বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে আটকা পড়েন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি।
জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।