বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।

গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

ডিসেম্বরের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির শেষ হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চললেও চুক্তি নবায়ন বিষয়ে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চুক্তি নবায়ন না হলে বছরে কৃষি, অর্থনীতি ও জীববৈচিত্র্যের অন্তত ২৫ হাজার কোটি টাকার ক্ষতি হবে।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় শুকনা মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরবরাহের কথা। চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে গঠিত যৌথ কমিটি সম্প্রতি ঢাকায় ৯১তম বৈঠক করে। বৈঠকে ২০২৬ সালের চুক্তি বাস্তবায়ন-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়, তবে নবায়ন নিয়ে আলোচনা হয়নি।

জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ৩০ বছরের গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়নের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কোনো মিরাকুলাস ঘটনা না ঘটলে এটি আর নবায়ন হবে না।’

তিনি আরও বলেন, ‘চুক্তি নবায়ন না হলে কৃষি, অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ পড়বে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে লবণাক্ততা বাড়তে পারে।’

পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক এম ইমামুল হক বলেন, ‘চুক্তি নবায়ন না হলে বাংলাদেশ প্রতিবছর অন্তত ২৫ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে।’

বিশেষজ্ঞরা বলছেন, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। আমেরিকার কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান বলেন, ‘বর্তমান চুক্তিটি অন্তত এক থেকে দুই বছরের জন্য চালিয়ে যাওয়ার জন্য এমওইউ সইয়ের মতো ব্যবস্থা করার চেষ্টা করা উচিত।’

বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক উদ্যোগও সুরাহার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন