দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি বিবেচনা করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ এই তথ্য জানান।
মন্ত্রী আজ ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে এ আশ্বাস দেন। সাক্ষাতকালে বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষিণ আফ্রিকায় ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হলে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
মন্ত্রী এ সময় উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন, তাই এই বিমান যোগাযোগের বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করবে।
হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি পর্যটনবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রাখে। তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে পর্যটন খাতে সহযোগিতা বাড়ানো হলে উভয় দেশের পর্যটক আদান-প্রদান ও সাংস্কৃতিক বিনিময়ে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
সাক্ষাতকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।