নিম্নতম মজুরি বোর্ডের সভায় পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরেও গাজীপুর ও সাভারে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে। বুধবার সকাল ৮টার পর থেকেই গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস এবং বড়বাড়ি এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে।
শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ বাধে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বিক্ষোভের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পুলিশ জানায়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সাভারের হেমায়েতপুরেও শ্রমিকরা সড়কে অবস্থান নিতে গেলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
সাভারে ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।