সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত সহকারী উপপরিদর্শক বদরুজ্জামান ও কনস্টেবল নাজমুল হাসান বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা পিয়ার উদ্দিন জানান, এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন কাজে সহায়তার জন্য ৮-৯ জন পুলিশ সদস্য গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে যান।
দাফন শেষে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে একই ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ তিন আসামি, মাইনুর রহমান, শাহিনুর রহমান ও মহিদুল ইসলামকে গ্রেফতার করে।
পুলিশ আসামিদের নিয়ে শ্যামনগর থানার উদ্দেশে রওনা হলে পথে ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে ৩০-৩৫ জন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলার ফলে শাহিনুর রহমান ও মহিদুল ইসলামকে ছিনিয়ে নেওয়া হয়।
পিয়ার উদ্দিন জানান, হামলায় আহত চার পুলিশ সদস্যের চিকিৎসা চলছে। এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক অনিরুদ্ধ বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ও তার বাবাসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি রিপনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।