খুলনায় ভাত চুরির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমল হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বরিশাল থেকে গ্রেপ্তার হওয়া হাসনাত হাবিব রিফাত মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মুহিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রিফাতের স্বীকারোক্তিতে কি তথ্য রয়েছে তা তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।
এসআরবি–৬ এর অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলের সামনে থেকে তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তিনি হল গেটের সামনের দোকানদার এবং হরিনটানা থানাধীন খানজাহান নগর এলাকার বাসিন্দা।
এছাড়া, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবির অভিযানে বরিশালের উজিরপুর থেকে প্রতাপ সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোরের অভয়নগরের শিবপদ সরকারের ছেলে।