গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে ৫০ বছরের আকরাম বিশ্বাস নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কন্টেইনারের সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আকরামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।