লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন এবং গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া ও সাইফুল ইসলাম। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুড়িমারী স্থলবন্দরগামী চলন্ত একটি ট্রাকের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন এবং পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান।
দুর্ঘটনায় আহত আরও পাঁচজনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। হতাহতরা মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রাম যাচ্ছিলেন বলে জানান ওসি।