চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় কিশোর অপরাধ দমনে পুলিশ অভিযান চালিয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তিন জেলায় আটক করা হয়েছে ১ হাজার ২৯ জনকে। এর মধ্যে কুমিল্লায় ৪১৫ জন, চাঁদপুরে ৩৭০ জন এবং লক্ষ্মীপুরে ২৪৪ জন রয়েছেন। তবে বেশিরভাগকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লায় তৃতীয় দফায় কিশোর অপরাধবিরোধী অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।
চাঁদপুরে কিশোর অপরাধ দমনে বিশেষ অভিযান চালানো হয়েছে। আটক করা হয়েছে ৩৭০ জনকে। রবিবার রাতে জেলার ৮টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ জানায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে জেলার ৬টি থানায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নেতৃত্ব দেন। যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই অভিযান মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার হত্যাকাণ্ডের পর শুরু হয়। প্রশাসন প্রথমে কুমিল্লায় অভিযান শুরু করে।