ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের বলুহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কোটচাঁদপুর পৌরসভার আদর্শ পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে মাসুদ (৫৭) ও তাঁর ছেলে মামুন (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকালে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেন।
এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে কোটচাঁদপুর থানা পুলিশ। ওই মামলার তদন্তের অংশ হিসেবে রবিবার দিবাগত রাতে বলুহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাবা-ছেলেকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক মাসুদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এবং তাঁর ছেলে মামুন পৌর যুবদলের সদস্য। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক বাবা ও ছেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।