বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ব্রাজিলের পরাজয়ে কুষ্টিয়ায় তরুণের মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা

ব্রাজিলের পরাজয়ে কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ব্রাজিলের পরাজয়ে কুষ্টিয়ায় তরুণের মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিহত রতন (২১) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রির ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন।

পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে রতন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সোমবার (৬ জুলাই) এই ঘটনা ঘটে। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিষয়টি জানার পর গভীর শোক প্রকাশ করেছেন।

অপূর্ব তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি।’

তিনি খেলাকে বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়।’

অপূর্ব ট্রল ও কটাক্ষের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারও জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’ যদিও তরুণের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

বিজ্ঞাপন