নড়াইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারার জন্য পুরস্কার ঘোষণা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে, আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ১১ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান নয়ন, মো. সজিবুল ইসলাম হৃদয়, শাহাদাত হোসেন রায়হান, ইমন শিকদার, মোঃ মিলন জমাদ্দার, মো. ইস্রাফিল, মো. সজীব চৌধুরী, এস কে আসলাম, মো. আব্দুল্লাহ আল জাবের লোটাস, মো. জুবায়ের শেখ এবং সৌরভ কর্মকার।
আমিরুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক লেখালেখি ও ভুয়া ভিডিও পোস্ট করে তাঁদের মারার জন্য ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এটি তাঁদের জীবনের জন্য একটি হুমকি।
অভিযুক্ত আব্দুল্লাহ আল জাবের লোটাস জানান, তিনি অভিযোগকারীকে চেনেন না এবং অভিযুক্তদের সঙ্গেও তাঁর পরিচয় নেই। তিনি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য নিরপেক্ষ তদন্তের দাবি করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।