শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

নড়াইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

নড়াইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

নড়াইলের লোহাগড়া উপজেলায় আফসার শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে খায়রুল শেখ (২৫) এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং টাকার জন্য প্রায়ই বাবাকে মারধর করতেন। তার মাদকাসক্তি ও চুরির অভ্যাসের কারণে সামাজিক সালিশের মাধ্যমে খায়রুলের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে।

বৃহস্পতিবার সকালে খায়রুল তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। দুপুরে আফসার শেখ পাশের বাজার থেকে বাড়ি ফিরলে তার সঙ্গে খায়রুলের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে খায়রুল ধারালো বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আফসার শেখের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তের মা ও স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়া পলাতক খায়রুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন