আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তিস্তাসহ দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই পরিস্থিতির কারণে তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ ১২ জেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকায় ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ ড. মো: ওমর ফারুক বলেন, ‘স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।’