সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ ২০৩০ সালে হবে বিশ্বের ৩০তম অর্থনীতির দেশ

বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম অর্থনীতির দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

বাংলাদেশ ২০৩০ সালে হবে বিশ্বের ৩০তম অর্থনীতির দেশ

বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

মাইকেল মিলার জানান, বাংলাদেশে অনুষ্ঠিত 'বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬'-এর দ্বিতীয় দিনের বিভিন্ন সেশনে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনীতিবিদ এবং সরকারের নীতিনির্ধারকরা। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দাতা আর গ্রহীতায় সীমাবদ্ধ রাখতে চায় না এবং কৌশলগত অংশীদার হিসেবে সম্পর্ক আরও গভীর করতে চায়।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘এলডিসি উত্তরণে সহযোগিতার পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখছে ইইউ।’ তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগোতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। তবে সম্ভাব্য বাণিজ্য চুক্তি ভারসাম্যপূর্ণ এবং উভয়ের জন্য লাভজনক হতে হবে।

মাইকেল মিলার বলেন, ‘বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক রাজনৈতিক বা ভৌগলিক নয়। এটা বন্ধুত্বের একটি কার্যকর সম্পর্ক।’

এদিকে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে ত্রাণনির্ভরতা থেকে উৎপাদনমুখী ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সরকারি সেবার জন্য জনগণ বিভিন্ন মন্ত্রণালয়ে যাবে সেটা হয় না। বর্তমান সরকারের ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড মানুষের সরকারি সেবা গ্রহণ সহজ করবে।’

তিন দিনের এই সংলাপ সোমবার শেষ হবে।

বিজ্ঞাপন