সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রাজধানীতে এলপিজি সিলিন্ডারের দাম ২৫০ টাকা বেড়ে আড়াই হাজার টাকা!

রাজধানীতে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে আড়াই হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। সরবরাহ সংকটের কারণে ভোক্তাদের ভোগান্তি বাড়ছে।

রাজধানীতে এলপিজি সিলিন্ডারের দাম ২৫০ টাকা বেড়ে আড়াই হাজার টাকা!

রাজধানীর বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহে সংকট দেখা দিয়েছে। গত দুই থেকে তিন সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা।

ভোক্তাদের অভিযোগ, ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারিত ১২ কেজির সিলিন্ডার কিনতে তাদের গুনতে হচ্ছে আড়াই হাজার টাকা পর্যন্ত। অনেক ব্যবসায়ীও বাড়তি দামে সিলিন্ডার সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার অক্টোবর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসের ১ হাজার ৫৮৭ টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতাদের দোকানে খালি সিলিন্ডার পড়ে থাকতে দেখা যাচ্ছে। কিছু দোকানে দু-চারটি ভর্তি সিলিন্ডার থাকলেও সেগুলোও বিক্রি হচ্ছে বাড়তি দামে।

ডিলার ও খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানি পর্যায় থেকেই এলপিজির সরবরাহে সংকট তৈরি হয়েছে। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত সিলিন্ডার সরবরাহ না করায় সংকট সৃষ্টি হয়েছে।

এদিকে এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াবের দাবি, দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি অব্যাহত রয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, গত মাসে পাঁচ থেকে ছয়টি প্রতিষ্ঠান মিলে দেড় লাখ টনের বেশি এলপিজি আমদানি করেছে।

তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিকল্প উৎস থেকে এলপিজি আমদানি করতে হয়েছে, ফলে আমদানি ব্যয় বেড়েছে। অক্টোবর মাসের জন্য আন্তর্জাতিক বাজারে সৌদি কনট্রাক্ট প্রাইস ঊর্ধ্বমুখী হওয়ায় এলপিজির দাম প্রায় ১৬ শতাংশ বেড়েছে।

নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে বাজারে প্রশাসনের তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন লোয়াব। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে এলপিজির বাজারে অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন