রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

আর্জেন্টিনা চালু করছে সাড়ে ৩ লাখ ডলারের গোল্ডেন পাসপোর্ট

আর্জেন্টিনা ধনী বিদেশিদের জন্য 'গোল্ডেন পাসপোর্ট' কর্মসূচি চালু করেছে, নাগরিকত্বের জন্য ৩ লাখ ৫০ হাজার ডলার জমা দিতে হবে।

আর্জেন্টিনা চালু করছে সাড়ে ৩ লাখ ডলারের গোল্ডেন পাসপোর্ট

আর্জেন্টিনা ধনী বিদেশিদের আকৃষ্ট করতে নতুন নাগরিকত্ব কর্মসূচি চালু করতে যাচ্ছে। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রশাসন ‘গোল্ডেন পাসপোর্ট’ নামে পরিচিত এই কর্মসূচির আওতায় বিদেশিদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ গ্রহণের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

২ অক্টোবর প্যারিসে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আর্জেন্টিনার অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই সরকারের মূল লক্ষ্য। চলতি বছরের শেষ প্রান্তিকে কর্মসূচিটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিদেশি আবেদনকারীরা নাগরিকত্ব পাওয়ার জন্য দুটি পদ্ধতির যেকোনো একটি বেছে নিতে পারবেন। প্রথম পদ্ধতিতে, আবেদনকারীকে আর্জেন্টিনার জাতীয় কোষাগারে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার জমা দিতে হবে। আবেদনকারীর স্বামী বা স্ত্রীকে নাগরিকত্বের আওতায় আনতে অতিরিক্ত ১ লাখ ডলার দিতে হবে। ১৮ বছরের কম বয়সী সন্তানের জন্য ২৫ হাজার ডলার দিতে হবে।

দ্বিতীয় পথ হলো আর্জেন্টিনা সরকারের বিশেষ সরকারি বন্ডে ৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করা। সরকার জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে পাওয়া সব অর্থ আর্জেন্টিনার আর্থিক ও রাজস্ব পরিস্থিতি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

তবে নাগরিকত্বের জন্য আবেদন করলেই তা নিশ্চিত হবে না। প্রতিটি আবেদন কঠোর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যাবে। জাতীয় নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে এই যাচাই প্রক্রিয়া পরিচালিত হবে।

নতুন এই কর্মসূচি রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে পারে। সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে জাতীয়তাবাদী মনোভাব বেড়েছে। বিদেশিদের জন্য কৃষিজমি কেনার সুযোগ বাড়াতে আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে বিরোধিতার কারণে তা পরিবর্তন করতে হয়েছে।

‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রেসিডেন্ট মিলেই সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ। তবে বিদ্যমান মূলধন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক বিদেশি কোম্পানি বিনিয়োগের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন