বিশ্বজুড়ে খাদ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যা গত সেপ্টেম্বরে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সম্প্রতি এই তথ্য জানিয়েছে।
এফএও জানায়, খাদ্যমূল্য সূচক গড়ে ১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগস্ট মাসে ছিল ১৩৪ পয়েন্ট। ২০২২ সালের নভেম্বরের পর এটি সর্বোচ্চ।
গত মাসের তুলনায় দানাশস্যের দাম বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ, চিনির দাম ৬ দশমিক ১ শতাংশ এবং ভোজ্যতেলের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মাংসের দাম ১ দশমিক ১ শতাংশ এবং দুগ্ধজাত পণ্যের দাম ০.১ শতাংশ কমেছে।
সংস্থাটি উল্লেখ করেছে, হরমুজ প্রণালি ও কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে খাদ্যপণ্যে চাপ বেড়েছে। এছাড়া জ্বালানি ও পরিবহন সংকটও একটি গুরুত্বপূর্ণ কারণ।
রয়টার্সের তথ্যমতে, চিনির দাম আগস্টের তুলনায় ৬.১ শতাংশ বেড়ে ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৈরী আবহাওয়া ও ‘এল নিনো’র প্রভাবের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রে ভুট্টার ফলন কম হওয়া এবং কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে খাদ্যশস্যের দামও বেড়েছে ৫.১ শতাংশ। যুদ্ধের কারণে গমের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।