শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে মিশে যাওয়ার ফলে কৃষিজমির উর্বরতা কমছে। এই পরিস্থিতি দেশের খাদ্য উৎপাদন ও কৃষি কার্যক্রমের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।
মানিকগঞ্জের জাগির ইউনিয়নের আজিজ মিয়া বলেন, 'পানির অভাবে চাষাবাদ করি না। টেকা-পয়সার অভাবও রয়েছে।' তিনি ২৫ বছর ধরে কৃষিকাজ করে আসছিলেন, কিন্তু এখন পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।
গাজীপুরের লবলং নদী পাড়ের এক স্থানীয় বাসিন্দা জানান, 'আগে নদীর পানি ভালো ছিল, এখন মিল ও কারখানার ময়লা নদীতে ফেলে দেওয়ার কারণে পানি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।' তিনি গত পাঁচ বছর ধরে চাষাবাদে লোকসানের মুখোমুখি হচ্ছেন।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, মাটিতে জিংক, কপার ও সিসার অতিরিক্ত জমাটের প্রমাণ মিলেছে।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান বলেন, 'মাটির কণার সাথে এসব মিশে গেলে গাছের পুষ্টির উপাদান নেওয়া বাধাগ্রস্ত হয়।' তিনি সতর্ক করেন যে, গাছের ফুল ও ফল বৃদ্ধি না পেলে ফলন কমে যাবে।
গবেষকরা আরও উল্লেখ করেন, শিল্পের বিষাক্ত রাসায়নিক পদার্থ মাটির উর্বরতা নষ্ট করছে এবং বীজের অঙ্কুরোদগম ও সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।