নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে দেশের রেস্তোরাঁ খাতের বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। শনিবার রাজধানীর পল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে তারা জানান, খাবারের দাম সমন্বয়ের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ বন্ধের পাশাপাশি ৯ দফা দাবি তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল রয়েছে। গত মাসে জ্বালানির দাম বৃদ্ধির ফলে পণ্যমূল্যে প্রভাব পড়েছে।
রেস্তোরাঁ মালিকরা জানান, পরিচালন খরচ বৃদ্ধি এবং অন্যান্য সংকটের কারণে তারা খাবারের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। তবে প্রশাসনের চাপ ও হয়রানির কারণে অনেকেই দাম সমন্বয় করতে পারছেন না।
রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘দ্রব্যমূল্য ও শ্রমিকদের মজুরি বাড়ায় চরম সংকটে পড়েছে রেস্তোরাঁ খাত। বর্তমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে দাম সমন্বয়ের বিকল্প নেই।’
এছাড়া, সংগঠনটি রেস্তোরাঁ খাতের চাহিদা পূরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখতে গরুর মাংস আমদানির অনুমতি চেয়েছে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা ওয়ান-স্টপ সার্ভিস চালু এবং ভ্যাট আদায়ে হয়রানি বন্ধের মতো ৯টি দাবি তুলে ধরেন, যা রেস্তোরাঁ খাতের টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।