সিলিন্ডার গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী। রবিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
মিছিল-পূর্ব সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন, "সরকারের মদদে বাজার সিন্ডিকেট আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সাধারণ জনগণকে চড়া মূল্য দিতে হচ্ছে সিন্ডিকেটের কারসাজির কারণে।"
বক্তারা দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানান এবং বিরোধী জোটের আট দফা মেনে না নিলে ভবিষ্যতে দেশ আরও সংকটে পড়ার হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে, বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগর পর্যন্ত চলে।