রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সৌদি আরবের খেজুর রফতানিতে টানা ৪র্থ বছর শীর্ষস্থান

সৌদি আরব টানা চতুর্থ বছর খেজুর রফতানিতে বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে।

সৌদি আরবের খেজুর রফতানিতে টানা ৪র্থ বছর শীর্ষস্থান

খেজুর রফতানিতে টানা চতুর্থ বছরের মতো বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে সৌদি আরব। ২০২৫ সালে, দেশটি ১৯৩ কোটি ৮০ লাখ সৌদি রিয়াল বা প্রায় ৫৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার মূল্যের খেজুর রফতানি করেছে। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) তথ্যের বরাত দিয়ে শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়।

গত বছর সৌদির খেজুর রফতানির মূল্য ২০২৪ সালের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেড়েছে। খেজুর রফতানির এই প্রবৃদ্ধিকে সৌদি অর্থনীতিতে কৃষি খাতের ক্রমবর্ধমান অবদান হিসেবে দেখা হচ্ছে। ‘সৌদি ভিশন ২০৩০’-এর আওতায় কৃষিপণ্য রফতানি বাড়ানোর প্রচেষ্টার সাফল্যও এতে ভূমিকা রেখেছে।

ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ আল-মুসা বলেন, সৌদি নেতৃত্বের সহযোগিতা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টাই এই সাফল্যের মূল কারণ। এর ফলে সরবরাহব্যবস্থা উন্নত হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে সৌদি খেজুরের পরিধি বেড়েছে।

তিনি আরও জানান, সৌদি খেজুরের গুণগত মান ও বৈচিত্র্যের পাশাপাশি উৎপাদন দক্ষতারও উন্নতি হয়েছে, যা বৈশ্বিক বাজারে সৌদি আরবের অবস্থান শক্তিশালী করেছে। বর্তমানে সৌদি আরবের খেজুর ১২৫টিরও বেশি দেশে রফতানি হচ্ছে।

সৌদি আরব বছরে ১৯ লাখ টনেরও বেশি খেজুর উৎপাদন করে, যেখানে খেজুরগাছের সংখ্যা ৩ কোটি ৭০ লাখের বেশি। ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটস খেজুর খাতের পুরো মূল্যশৃঙ্খল উন্নত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

সৌদি সরকারের ভাষ্য, এসব উদ্যোগের মাধ্যমে খেজুরকে একটি নিরাপদ ও উচ্চমানের খাদ্যপণ্য হিসেবে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করার চেষ্টা চলছে। ২০১৬ সালের তুলনায় ২০২৫ সালে সৌদি খেজুর রফতানির মূল্য বেড়েছে ১৯২.৫ শতাংশ।

এছাড়া, সৌদি আরবের আল-আহসা মরূদ্যান খেজুরের উৎপাদনের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ২০১৮ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এই মরূদ্যানে ২৫ লাখের বেশি খেজুরগাছ রয়েছে।

বিজ্ঞাপন