রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দিয়ে পুকুরে সাঁতার কাটতে যাওয়ার জন্য ৪ শিক্ষার্থীকে ৮০০টি গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক এ সিদ্ধান্ত নেন।
জানা যায়, দুপুরে উপজেলা পরিষদের পুকুর ঘাটে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় ৪ শিক্ষার্থীকে দেখতে পান ইউএনও। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্লাস ফাঁকি দিয়ে সেখানে সাঁতার কাটতে এসেছে।
ইউএনও মো. রিফাতুল হক জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বিআরডিবি কার্যালয় থেকে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শেষে ফেরার পথে তিনি শিক্ষার্থীদের দেখতে পান। তারা জানান, বিদ্যালয় থেকে ছুটি নিয়ে এসেছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তাদের কাউকেই ছুটি দেওয়া হয়নি।
শিক্ষার্থীরা পরে স্বীকার করে যে, তারা শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির আবেদন অনুমোদনের কাগজ তৈরি করে বিদ্যালয় থেকে বের হয়েছিল। অভিভাবকরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।
পরে শিক্ষার্থীদের সতর্ক করে আগামী ৭ দিনের মধ্যে প্রত্যেককে ২০০টি করে গাছের চারা রোপণের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, উপজেলা পরিষদের ওই পুকুরে এর আগেও সাঁতার কাটতে গিয়ে একজনের মৃত্যু হয়েছিল, তাই সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো রয়েছে।