শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে, যা সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান।

এই দিন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর আগে প্রধানমন্ত্রীকে ‘লাল গালিচা’ সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়।

পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান। ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় ছিল প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর।

মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে প্রথমে চীনের দালিয়ান যান প্রধানমন্ত্রী। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। দুই দিনের বিভিন্ন কর্মসূচি শেষে বুধবার দালিয়ান থেকে হাই স্পিড (বুলেট ট্রেন) ট্রেনে বেইজিং যান।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসূচিতে গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক হবে। এই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন