ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক বিভাজকের মাঝ থেকে বিপুল সংখ্যক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগের কার্য সহকারী মোবারক হোসেন অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশের ক্রাউন সিমেন্টের বিলবোর্ড দৃশ্যমান করার উদ্দেশ্যে গাছগুলো কাটা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, ২১ জুন রাত থেকে ২২ জুন সকালের মধ্যেই এই ঘটনা ঘটেছে।
মহাসড়কের সৌন্দর্য্য বর্ধনে সড়ক ও জনপথ বিভাগ বিভিন্ন প্রজাতির ফুল ও ফল গাছ রোপন করেছিল, যার মধ্যে ছিল সোনালু, জারুল, বকুল এবং পলাশ।
কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের কার্য সহকারী মোবারক হোসেন বলেন, তিনি ২২ জুন সকালে বিভাজকের গাছগুলো অক্ষত অবস্থায় দেখেছিলেন। পরে উপ-সহকারী প্রকৌশলী পলাশ চাকমা তাকে ফোন করে জানিয়েছেন যে, গাছগুলো কেটে নেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ–পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গাছ কাটার ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, মহাসড়কের সৌন্দর্য্য বর্ধনের জন্য গাছগুলো লাগানো হয়েছিল এবং কিছু দুর্বৃত্ত গাছগুলোকে কেটে নিয়েছে।