গাজীপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় তুরাগ নদের ওপর স্থায়ী সেতুর অভাবে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে নৌকা এবং অন্য সময় বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা।
সিটি করপোরেশন জানায়, জনদুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গাজীপুরে শহরের তুরাগ নদের একপাশে ইসলামপুর এবং অপরপাশে কাশিমপুর বাজার অবস্থিত। এখানে স্থায়ী সেতু না থাকায় পণ্য পরিবহন ও স্থানীয়দের যাতায়াতে ভোগান্তি দেখা দিয়েছে।
এলাকাবাসীরা জানান, সেতু না থাকায় তাদের নৌপথে অথবা কোনাবাড়ি হয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। বর্ষাকালে নৌকা-ট্রলার থাকলেও অন্য সময় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে পার হতে হয় যাত্রীদের।
গাজীপুর সিটি করপোরেশন জানিয়েছে, সেতুর জন্য জাপানের সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে দরপত্রসহ সব কাজ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী মাসেই নির্মাণকাজ শুরু হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার জানান, জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত এ নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সিটি রিজন ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় দরপত্রসহ সকল কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, সংযোগ সড়কসহ সেতুটি নির্মাণে খরচ হবে ১০৯ কোটি টাকা। তবে স্থানীয়রা দ্রুত কাজ শুরু করার দাবি জানিয়েছেন।