প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
তিনি আজ সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান এবং তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে।
ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা। পরিদর্শনের শুরুতে ডা. জুবাইদা রহমানকে প্রতিষ্ঠানের বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার প্রশংসা করেন। ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
তিনি আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে উল্লেখ করেন। তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং শিশুদের উন্নয়নে সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান পরিদর্শনের শেষ পর্যায়ে প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি। পরিদর্শনকালে গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।