রাজধানীতে নতুন ই-অটোরিকশার অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলমান ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার (৯ নভেম্বর) প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা ছাড়াও শত শত অটোরিকশার মালিক ও চালক অংশ নেন। বক্তারা জানান, তারা উচ্ছেদ নয়, বৈধভাবে জীবিকা নির্বাহের সুযোগ চান।
মানববন্ধনে বক্তারা বলেন, চলমান অটোরিকশাগুলোকে নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আনা হলে সরকার রাজস্ব পাবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে। এতে লাখো পরিবারের জীবিকা সুরক্ষিত হবে।
সড়কে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়ে তারা অভিযোগ করেন, রেকার ডাম্পিংয়ের নামে জুলুম নির্যাতন করা হয়। বক্তারা বলেন, অটোরিকশা চার্জ দেওয়ার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বা হয়রানি করা বন্ধ করতে হবে।
এ সময় প্রেস ক্লাবের সামনের সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়।