দেশের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত ৪৯৩টি সরকারি গাড়ি প্রায় আড়াই বছর ধরে অলস পড়ে রয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর গাড়িগুলো ব্যবহৃত না হওয়ায় নষ্ট হচ্ছে।
২০১৮ সালে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির আওতায় এই গাড়িগুলো বরাদ্দ দেওয়া হয়। ২০২৪ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই গাড়িগুলো অব্যবহৃত হয়ে আছে। টাঙ্গাইলের ১২ উপজেলার কর্মকর্তাদের গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তেন মং জানান, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর রক্ষণাবেক্ষণ খরচ, জ্বালানি বরাদ্দ এবং চালকদের বেতন বন্ধ হয়ে গেছে। পটুয়াখালীর ৭ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে গাড়ি সচল রাখতে চেষ্টা করছেন।
দিনাজপুরের ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থাও একই। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর অনেক চালক অন্য কাজে যোগ দিয়েছেন। তবে, চাকরি স্থায়ী হওয়ার আশ্বাসে অনেকেই বিনা বেতনে কাজ করছেন।
দিনাজপুরের সিভিল সার্জন গোলাম রসুল রাখি বলেন, "মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবা কার্যক্রম বেগবান করতে সরকারি বরাদ্দ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।" স্বাস্থ্য কর্মকর্তারা নিরাপত্তা ও মাঠ পর্যায়ে সেবা নিশ্চিত করতে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন।