মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইশরাকের পদত্যাগের কারণ জানতে চাইলেন বিরোধী দলের নেতা

ইশরাক হোসেনের পদত্যাগের কারণ জানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ইশরাকের পদত্যাগের কারণ জানতে চাইলেন বিরোধী দলের নেতা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নৈতিক কারণে পদত্যাগ এক জিনিস এবং ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে সেটি অন্য একটি বিষয়।

১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় রাজধানীর পূর্ব মেরুল বাড্ডার নিমতলা মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, "এর আগে সংরক্ষিত এক সংসদ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ছিল, কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। ইশরাক হোসেনের অপরাধ কী, সেটাও পরিষ্কার করা হয়নি।"

তিনি আরও বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কারও অপরাধ থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি; পদত্যাগ কোনো সমাধান নয়।" মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ইশরাক হোসেন বলির শিকার হয়েছেন, কারণ মাদকের মূল বিক্রি কক্সবাজার থেকে শুরু হয়, যা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা।

নাহিদ ইসলাম বলেন, "দেশবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছে, কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সবচেয়ে বড় দায় স্বরাষ্ট্রমন্ত্রীর।" এছাড়া, তিনি সংবিধান সংশোধন কমিটিকে প্রহসন ও নাটক বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন