সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ফরিদপুরে খিচুড়ি রান্নার অভিযোগে ৬ রিকশা শ্রমিক আটক

ফরিদপুরে ১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগে ৬ রিকশা শ্রমিক আটক করেছে পুলিশ।

ফরিদপুরে খিচুড়ি রান্নার অভিযোগে ৬ রিকশা শ্রমিক আটক

ফরিদপুরে ১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগে ছয়জন ব্যাটারিচালিত রিকশা শ্রমিককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী স্ট্যান্ড সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে রয়েছেন হারুন শেখ (৫৪), আনোয়ার মোল্লা (৫১), মানোয়ার মোল্লা (৪৮), মজিদ শেখ (৫৬), ইউসুফ শেখ (৪৫) এবং তার ছেলে রহিম শেখ (২৩)। তাদের আটক করার পর শনিবার রাত পর্যন্ত কোতয়ালী থানায় রাখা হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় বছর আগে জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়। সম্প্রতি বিভিন্ন স্ট্যান্ডকেন্দ্রিক আঞ্চলিক শ্রমিক ইউনিয়ন কমিটির গঠন প্রক্রিয়া চলছে। শুক্রবার ধুলদী স্ট্যান্ড বাজারে নতুন কমিটি গঠনের অংশ হিসেবে শ্রমিকেরা খিচুড়ি রান্নার আয়োজন করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টের শোক দিবস পালনের অংশ হিসেবে এ খিচুড়ি রান্না করা হচ্ছে বলে অভিযোগ পাওয়ার পর তারা অভিযান চালিয়ে শ্রমিকদের আটক করে। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে।

ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, “আমাদের সংগঠনটি রাজনৈতিকমুক্ত। পুলিশ আমাদের ছয়জন শ্রমিককে অন্যায়ভাবে আটক করেছে।” তিনি দাবি করেন যে, আটককৃতদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া উচিত নয়।

বিজ্ঞাপন