সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ হামলা হয়। হামলার জন্য জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা আজ সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সরকারি উদ্যোগে টিটিসির ভবন নির্মাণের জন্য একটি সরকারি চিঠি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।
চিঠিতে চান্দাইকোনা এলাকায় টেকনিক্যাল টেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের কথা উল্লেখ রয়েছে। সরকারি সিদ্ধান্তের পর ধানগড়া ও চান্দাইকোনায় টিটিসি ভবন স্থাপনের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এমপি আয়নুল হক বৈঠকে বসলে পক্ষে-বিপক্ষে লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
বৈঠক চলাকালে এমপি আয়নুল হক গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, যার ফলে গাড়ির পেছনের গ্লাস ও একটি ক্যামেরা ভেঙে যায়। এমপি আয়নুল হক পরে একটি ভিডিও বার্তায় দাবি করেন, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা হামলা করেছে।
তিনি জানান, এ হামলার উদ্দেশ্য ছিল তাকে হত্যার চেষ্টা। এমপি প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং দাবি করেন যে টিটিসি ভবন নির্ধারিত স্থানে নির্মাণ করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম জানান, এমপির গাড়িতে হামলার ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও কেউ মামলা করেনি বা কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, 'বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে জামায়াতে ইসলামীর ওপর দায় চাপানোর চেষ্টা করছে।'