স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ অন্তর্ভুক্ত রয়েছে।
গত ১৫ নভেম্বর পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি পাওয়া গেছে।
নতুন ৪ হাজার এসআই পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত, যার বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। অপরদিকে, ১০ হাজার কনস্টেবল পদ গ্রেড-১৭-এ সৃজন করা হয়েছে, যার বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।
নিয়োগের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুসরণ করে এসব পদ পূরণ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট ৪ হাজার এসআই পদ সৃজনে সম্মতি দেয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর এ বিষয়ে সম্মতি প্রদান করে।
বর্তমানে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম চলমান রয়েছে, যা ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শুরু হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
চলমান নিয়োগ প্রক্রিয়ায় ২ হাজার শূন্য কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্যে ৪ হাজার পদ অন্তর্ভুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।
নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।