কানাডার বিজ্ঞানীরা সম্প্রতি একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ভাইরাস তৈরি করেছেন, যার নাম ‘এআই-ওয়ার্ম’। এই ভাইরাসটি মানুষের মতো চিন্তা করতে সক্ষম এবং নিরাপত্তাব্যবস্থাগুলোর বিরুদ্ধে কার্যকরীভাবে আক্রমণ চালাতে পারে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসটি কোনো নির্দিষ্ট দুর্বলতার ওপর নির্ভর করে না। এটি নিজেই আক্রমণের পথ খুঁজে বের করে এবং একাধিক উপায়ে ডিভাইসে প্রবেশ করতে পারে। গবেষণায় দেখা গেছে, এআই-ওয়ার্মটি ৭ দিনে ৭৪ শতাংশ দুর্বলতা শনাক্ত করে এবং ৬২ শতাংশ ডিভাইসকে হ্যাক করে নিয়ন্ত্রণে নেয়।
ভাইরাসটি যখন শক্তিশালী কম্পিউটারে প্রবেশ করে, তখন সেটির গ্রাফিক্স কার্ডের শক্তি চুরি করে নিজের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে। এটি সম্পূর্ণ ফ্রি ও ওপেন সোর্স এআই মডেল দিয়ে চলে, ফলে প্রচলিত সুরক্ষা ব্যবস্থা এতে কার্যকরী নয়।
গবেষকরা জানিয়েছেন, এই ভাইরাসের কোডের গোপন অংশগুলো লুকিয়ে রাখা হয়েছে যাতে খারাপ উদ্দেশ্যে কেউ এটি ব্যবহার করতে না পারে। ভবিষ্যতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে, প্রতিটি ডিভাইসকে নিয়মিতভাবে পাসওয়ার্ড বা আইডেন্টিটি চেক করতে হবে।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, প্রযুক্তির উন্নতির সাথে সাথে সাইবার অপরাধীরা আরও বুদ্ধিমান হয়ে উঠছে। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একত্রিত হয়ে সচেতনতা গড়ে তুলতে হবে।