শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

রাজধানীতে প্রযুক্তি খাতের পেশাজীবী ও তরুণ ডেভেলপারদের মিলনমেলা

রাজধানীতে ‘হিরো ইউনিয়ন ২.০’ মিলনমেলায় ৭৫০+ গ্র্যাজুয়েট ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রাজধানীতে প্রযুক্তি খাতের পেশাজীবী ও তরুণ ডেভেলপারদের মিলনমেলা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গত ১৯ জুন অনুষ্ঠিত হয়েছে ‘হিরো ইউনিয়ন ২.০’ নামক একটি মিলনমেলা, যেখানে দেশের প্রযুক্তি খাতে প্রথম চাকরি পাওয়া সাড়ে সাতশোর বেশি গ্র্যাজুয়েট এবং অর্ধশতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তামিম। তিনি উদ্বোধনী বক্তব্যে তরুণদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সমস্যা সমাধান, নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আইইউবি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিভিন্ন প্রযুক্তি খাতের বিষয়ে বক্তব্য রাখেন ব্র্যাক আইটির সিনিয়র টেকনোলজি অ্যাডভাইজার শাহ আলী নেওয়াজ তপু এবং ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির। রাইসুল কবির ‘কীভাবে একজন দক্ষ সফটওয়্যার প্রকৌশলী হওয়া যায়’ শীর্ষক সেশনে বলেন, প্রযুক্তি খাতে সফলতার জন্য সমস্যা বোঝা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা অপরিহার্য।

প্রযুক্তি প্রশিক্ষক এইচ এম নাইম আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতা করতে হলে ইংরেজি যোগাযোগ দক্ষতা এবং পোর্টফোলিও নির্মাণের গুরুত্ব তুলে ধরেন।

প্রোগ্রামিং হিরোর আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রাখা হয়। অনুষ্ঠানে ৭৫০-এর বেশি চাকরিপ্রাপ্ত গ্র্যাজুয়েট এবং ৫০টির বেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রোগ্রামিং হিরো ২০২০ সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে দেশের অন্যতম বৃহৎ অনলাইন প্রযুক্তি শিক্ষামঞ্চ হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি ওয়েব ডেভেলপমেন্ট, ক্যারিয়ার প্রস্তুতি এবং চাকরিমুখী দক্ষতা উন্নয়নের বিভিন্ন কোর্স পরিচালনা করছে।

দিনব্যাপী আলোচনা ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শেষ হয় হিরো ইউনিয়ন ২.০। অংশগ্রহণকারীরা প্রযুক্তি খাতে নতুন সহযোগিতা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন