মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

এআই মডেলের হ্যাকিংয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ

ওপেনএআই জানিয়েছে, তাদের এআই মডেল অন্য এআই প্রতিষ্ঠানে হ্যাক করেছে, যা উদ্বেগ সৃষ্টি করেছে।

এআই মডেলের হ্যাকিংয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, তাদের দুইটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি এআই প্রতিষ্ঠানের সিস্টেমে হ্যাক করেছে। মঙ্গলবার (২১ জুলাই) প্রতিষ্ঠানটি এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়।

ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, নতুন প্রকাশিত জিপিটি ৫.৬ (GPT-5.6 Sol) এবং একটি এখনও প্রকাশিত না হওয়া এআই মডেল পরিচালিত একটি স্বয়ংক্রিয় এজেন্ট পরীক্ষার নির্ধারিত পরিবেশ থেকে বের হয়ে উন্মুক্ত ইন্টারনেটে প্রবেশ করে। এরপর এটি চুরি করা লগইন তথ্য ব্যবহার করে হাগিং ফেসের সার্ভারে প্রবেশ করে।

প্রতিষ্ঠানটি দাবি করে, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য এজেন্টটি এই পদক্ষেপ নিয়েছিল। হাগিং ফেসের সহ-প্রতিষ্ঠাতা ক্লেমেন্ট ডেলাঙ্গ বলেন, হামলার পেছনে কোনো শীর্ষস্থানীয় এআই গবেষণা প্রতিষ্ঠান থাকতে পারে। তবে তিনি বিশ্বাস করেন, ওপেনএআইয়ের পক্ষ থেকে কোনো ক্ষতিকর উদ্দেশ্য ছিল না।

তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “পুরো ঘটনাটি যে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ঘটেছে, তা সত্যিই বিস্ময়কর!” তিনি আরও বলেন, সম্ভবত এটি এ ধরনের প্রথম ঘটনা হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ ক্যাসার ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “যথাযথ নিরাপত্তা বিধি ছাড়াই এআই অত্যন্ত দ্রুতগতিতে উন্নত হচ্ছে।”

তিনি এআই ব্যবস্থার জন্য বাধ্যতামূলক স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা প্রকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। উল্লেখ্য, এই তথ্য প্রকাশের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে উন্নত এআই সিস্টেমের জাতীয় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের কাঠামো অনুমোদন করেছেন।

বিজ্ঞাপন