বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুকের ডেস্কটপ সংস্করণে প্রবেশ করতে সমস্যা দেখা দিয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হন।
প্রাথমিকভাবে, মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করা সম্ভব হলেও ডেস্কটপে লগইন করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কিছু ব্যবহারকারী ধীরে ধীরে সাইটে প্রবেশ করতে পারলেও বেশিরভাগের জন্য এটি কার্যকর হয়নি।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না। সাইট-জনিত সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।’
এছাড়া, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ফেসবুকের এই সমস্যা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। গত ১২ জুনেও ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছিল। সেদিন সন্ধ্যা থেকে ব্যবহারকারীরা লগইন করতে না পারা, নিউজ ফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার অটো লগ-আউট হয়ে যাওয়ার সমস্যায় পড়েন।
সেদিন রাত সাড়ে আটটার দিকে ফেসবুক স্বাভাবিক কার্যক্রম শুরু করে। বর্তমান সমস্যার সমাধানও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।