রোববার (১৯ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিট থেকে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, তারা লগ-ইন করতে পারছেন না এবং অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে। ফিড আপডেট না হওয়ার মতো সমস্যারও অভিযোগ এসেছে। ডাউন ডিটেক্টরসহ অন্যান্য ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য প্রকাশিত হয়েছে।
ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে শুরু করে। অভিযোগকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
লগইনের চেষ্টা করা ব্যবহারকারীদের সামনে একটি বার্তা দেখানো হচ্ছে, 'অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ। সাইট সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না।' ব্যবহারকারীদেরকে কয়েক মিনিট পর আবার চেষ্টা করতে বলা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভনিং নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে ‘Facebook down’ লিখে অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৫০ শতাংশ ওয়েবসাইটে প্রবেশে সমস্যা, ২০ শতাংশ লগইন সমস্যার এবং ২০ শতাংশ নিউজ ফিড ও টাইমলাইন ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
এই বিভ্রাট বিশ্বের বিভিন্ন অঞ্চলের ফেসবুক ব্যবহারকারীদের প্রভাবিত করেছে। মেটার মালিকানাধীন অন্যান্য প্ল্যাটফর্ম, বিশেষ করে ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেক ব্যবহারকারী।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রদান করা হয়নি।