বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশের ৭০% মানুষ আইসিইউ সেবাবঞ্চিত: ডা. জুবাইদা রহমান

দেশের ৭০% মানুষ নিবিড় পরিচর্যা সেবা থেকে বঞ্চিত, জানান ডা. জুবাইদা রহমান।

দেশের ৭০% মানুষ আইসিইউ সেবাবঞ্চিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ নিবিড় পরিচর্যা সেবা থেকে বঞ্চিত রয়েছে।

তিনি বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিকাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলনে এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৮০ থেকে ৯০ শতাংশ ঢাকায় অবস্থিত। সঠিক সময়ে সেবা না পেয়ে অনেক রোগী মারা যাচ্ছে।

জুবাইদা রহমান জানান, দেশে প্রতি এক লাখ রোগীর জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের বেড মাত্র ১ দশমিক ৭টি এবং সাধারণ বেডও প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র ৯টি রয়েছে। তিনি বলেন, ‘৬৪ জেলার মধ্যে ৩৮টি জেলার হাসপাতালে কোন নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই।’

তিনি আরও বলেন, ‘দেশের ৮০ থেকে ৯০ ভাগ ক্রিটিকাল কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত। আমাদের ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বাস করে। তাহলে তারা কিভাবে ক্রিটিকাল কেয়ারের মত সেবা পাবে?’

জুবাইদা রহমান নবজাতক শিশু, গর্ভবতী মা, নিউমোনিয়ায় আক্রান্ত বৃদ্ধ এবং সড়ক দুর্ঘটনায় আহত তরুণদের জন্য ক্রিটিকাল কেয়ারের অভাবের কারণে মৃত্যুর ঝুঁকি উল্লেখ করেন। তিনি বলেন, ‘পরিস্থিতির পরিবর্তন সম্ভব, যদি আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি।’

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘সব হাসপাতালে ধাপে ধাপে পর্যাপ্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রের ব্যবস্থা করা হবে।’

বিজ্ঞাপন