দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭১৯ জনে দাঁড়িয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে এই হিসাব করা হয়েছে। হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩ এবং হামের উপসর্গে মারা গেছে ৬২৬ জন।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজন মারা গেছে। একই সময়ে ১৬৭ জনের মধ্যে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ১৩২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৮ জনে।