দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়ার সংখ্যা ৬২৫ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৬৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১১৪ জন।
১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৭। এ সময়ের মধ্যে ১১ হাজার ৯৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এই সাড়ে তিন মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৬২৭ জন। তাদের মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।