আজ বুধবার রাত ১টার মধ্যে দেশের ১২টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এছাড়া, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।