রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা অধ্যক্ষ ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। শুক্রবার সকাল ১০টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করছেন, অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আন্দোলনকারীরা বলেন, পুলিশ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
গত বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষার্থীরা অধ্যাপক ড. মেহেরুন্নেছাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে রাতে পুলিশি সহায়তায় অধ্যক্ষকে উদ্ধার করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় তারা ক্ষুব্ধ হয়েছেন।