মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মিরপুরে আন্দোলনকারীদের হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত

মিরপুরে আন্দোলনকারীদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

মিরপুরে আন্দোলনকারীদের হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গুরুতর আহত পুলিশ সদস্যের নাম সায়মন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একা পেয়ে বেশ কয়েকজন আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করছেন। হামলার সময় কিছু লোক হামলাকারীদের থামানোর চেষ্টা করলেও তারা সফল হননি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ সদস্য বর্তমানে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সকালে মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা, যা পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি করে।

শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সকাল সাড়ে ৯টার কিছু আগে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় শ্রমিকরা সড়কে নেমে আসেন। পুলিশের আহ্বান সত্ত্বেও শ্রমিকরা রাস্তা ছেড়ে দেননি, ফলে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।

পুলিশ প্রথমে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শ্রমিকরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুরের পর যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

বিজ্ঞাপন