শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পাঠাওয়ের সেবায় সাইবার হামলা, ব্যক্তিগত তথ্য ফাঁস

পাঠাওয়ের সেবায় সাইবার হামলা, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠাওয়ের সেবায় সাইবার হামলা, ব্যক্তিগত তথ্য ফাঁস

ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

গত বুধবার পাঠাও তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানায়, ৪ অক্টোবর পাঠাও-এর প্ল্যাটফর্মে সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটে। সাইবার নিরাপত্তাজনিত একটি ঘটনা শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঠাও কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম সাময়িকভাবে অফলাইন রাখে। তবে, অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়।

পাঠাও জানায়, বর্তমানে সিস্টেম পুরোপুরি স্থিতিশীল রাখার কাজ চলছে এবং ব্যবহারকারীরা সাময়িকভাবে বিচ্ছিন্ন কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।

পোস্টে বলা হয়েছে, কিছু ব্যক্তিগত তথ্য যেমন নাম, ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বর দুর্বৃত্তদের হাতে চলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করা হয়েছে। চলমান তদন্তে ঘটনার প্রকৃতি ও গুরুতরতার মাত্রা নির্ধারণ করা হবে।

পাঠাও তাদের ব্যবহারকারীদের অনুরোধ করেছে, পাঠাওয়ের পরিচয় দিয়ে পাঠানো কোনো অনাকাঙ্ক্ষিত মেসেজ, ফোন কল বা লিংকের বিষয়ে সতর্ক থাকতে। এ ধরনের যোগাযোগের জবাবে পাসওয়ার্ড, পিন বা ওটিপি শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় সেবা বিঘ্নের জন্য পাঠাও তাদের ব্যবহারকারী, চালক, মার্চেন্ট ও পার্টনারদের কাছে দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে সচেতন এবং এ বিষয়ে নিয়মিত আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বিজ্ঞাপন