যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের পর জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান শন কেয়ারক্রসকে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। দায়িত্ব নেওয়ার এক বছরের কিছু বেশি সময়ের মাথায় এ পদক্ষেপ নেওয়া হলো।
বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ধারাবাহিক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনার পর কেয়ারক্রসকে সরানোর সিদ্ধান্ত নেয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাতে বিবিসি জানায়, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের আস্থা হারানোর ফলে কেয়ারক্রসকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।
২০ নভেম্বর শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কেয়ারক্রস যথেষ্ট যোগ্য ছিলেন না। তবে সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলো সাইবার হামলার কারণে ঘটেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
তবে একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা অচল হয়ে পড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। কংগ্রেসের কয়েকজন সদস্য সরকারের প্রতি এসব বিভ্রাটের কারণ স্পষ্টভাবে জানাতে আহ্বান জানিয়েছেন।
হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিকভাবে কেয়ারক্রসকে বরখাস্ত করার ঘোষণা দেয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটের মধ্যে কোনো যোগসূত্র থাকার ‘সামান্যতম প্রমাণও’ নেই বলে দাবি করেছেন মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো ‘পদ্ধতিগত হামলার’ শিকার নয়।
তবে প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ায় ব্যাংকিং, বিমান চলাচল নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ পরিষেবায় এ ধরনের বিভ্রাট ভবিষ্যতে বড় ধরনের সমস্যার ঝুঁকি তৈরি করতে পারে। শন কেয়ারক্রসের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল আইনজীবী হিসেবে এবং তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান পরিচালন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।