কিশোরগঞ্জের হাওর উপজেলার ইটনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে আনন্দ বাজার এলাকায় আয়োজিত এ খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ১৬টি দল। প্রতিটি দলই জয়ের লক্ষ্যে মাঠে নামে পূর্ণ প্রস্তুতি নিয়ে। খেলোয়াড়রা একসঙ্গে রশিতে টান দিতে দিতে প্রতিপক্ষকে হারানোর চেষ্টা করেন।
দর্শকরা খেলার প্রতিটি মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করেন। নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ করতালি ও উল্লাসে খেলোয়াড়দের উৎসাহ দেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং এতে স্থানীয় মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনও বাড়বে।