আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের বাড়িতে শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় অনুযায়ী, এসতেবান এচেভিরিয়ার ক্যানিং এলাকায় অবস্থিত পারেদেসের বাড়িতে আগুন লাগে।
এ ঘটনায় বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এই তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সেখানে বাড়ির কেন্দ্রীয় হিটিং ব্যবস্থার অংশ হিসেবে একটি বয়লার স্থাপন করা ছিল। অন্যদিকে, বাড়ির ওপরের অংশে থাকা একটি ব্যাটারি থেকেও আগুনের সূত্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা হয়নি।
আগুন লাগার সময় বাড়ির ভেতরে কে ছিলেন, সে ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি। পারেদেস স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকেন, কিন্তু আগুন লাগার সময় তাঁরা বাড়িতে ছিলেন কি না, তা ফায়ার সার্ভিস নিশ্চিত করেনি। নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।